নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৫:৩২

বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সময় সংবাদ
প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় ১০০ শিক্ষকের হাতে এই সম্মাননা তুলে দেন তিনি। সেইসঙ্গে প্রত্যেককে নগদ ২ লাখ টাকা করে দেয়া হয়।
গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে এ বছর জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হয়। এর মধ্যে প্রাথমিক স্তরে ১০টি, মাধ্যমিক স্তরে ২০টি, কলেজে ২৫টি, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০টি, মেডিক্যাল কলেজে ১০টি, কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনটি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনটি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে চারটি এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় পাঁচটিসহ সর্বমোট ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেয়া হয়।
শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতেই বিশ্বব্যাপী প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।

