বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৭:০৫

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৫ বছরের পুরনো মন কষাকষি ও অভিমান ভুলে বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। নতুন একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রায় আড়াই দশকের পেশাগত দূরত্ব অবসান হতে চলেছে এ দুই তারকার।
বলিউডের ক্ল্যাসিক সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘দেবদাস’ সিনেমার নাম। আর এই সিনেমা নিয়েই দূরত্ব তৈরি হয়েছিল দুই তারকার। জানা যায়, আইকনিক পার্বতী চরিত্রে ঐশ্বরিয়ার নয়, কারিনার অভিনয়ের কথা ছিল।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পারু’ হতে কারিনাকে নিয়ে লুক সেটও করে ফেলেছিলেন বানসালী। কিন্তু শেষ পর্যন্ত অজানা কারণে ওই সিনেমায় আর অভিনেত্রীকে নেননি নির্মাতা।
সিনেমাটির জন্য কারিনাকে বাদ দিয়ে ওই চরিত্রের জন্য ঐশ্বরিয়াকে নিয়েছিলেন বানসালী, এরপর থেকেই অভিমান পুষে রেখেছিলেন কারিনা। সেই অভিমান ভাঙতে বানসালী একাধিক সিনেমার প্রস্তাব দিলেও প্রতিবারই ফিরিয়ে দিয়েছেন কারিনা। অভিনেত্রী বলেছিলেন, পরিচালক হিসেবে সঞ্জয়ের নাম রাজ কাপুর-গুরু দত্তের পাশে আসলেও তার সিনেমায় কোনোদিন কাজ করবেন না তিনি।
অবশেষে অভিমানের পাহাড় ডিঙিয়ে একসঙ্গে কাজ করতে চলেছেন কারিনা-বানশালী, এমন খবরই জানিয়েছে ফিল্মফেয়ার। তবে কারিনাকে নিয়ে নির্মিত নতুন সিনেমাটি পরিচালনা করবেন না বানশালী। বরং তার অর্থেই নির্মিত হবে সিনেমাটি।
শোনা যাচ্ছে, বানসালী প্রোডাকশনসের ব্যানারে কারিনা কাপুর খানের আসন্ন সিনেমার পরিচালনায় দেখা যেতে পারে আতিশ কাপাডিয়াকে। যিনি ‘খিচড়ি’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ও ‘বা বহু অউর বেবি’র মতো জনপ্রিয় কমেডি সিরিজের লেখক ও নির্মাতা হিসেবে পরিচিত।
সিনেমাটির গল্প নিয়ে এখনো খোলাসা করে কিছু জানা যায়নি। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সিনেমাটিতে কারিনাকে একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে তুলে ধরবেন নির্মাতারা। বানসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ হলেই কারিনা কাপুরের নতুন সিনেমাটির প্রি-প্রোডাকশনে যাওয়ার কথা রয়েছে।
প্রায় আড়াই দশক ধরে চলা অভিমানের পর কাঙ্ক্ষিত এ জুটির মেলবন্ধন শেষ পর্যন্ত পর্দায় কেমন চমক আনবে, সেটিই এখন দেখার অপেক্ষায় সিনেপ্রেমী ভক্ত-দর্শক।

