খেলা ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৭:০২

আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দিলেন মেসি। ছবি: এএফএ
বাংলাদেশ সময় আগামী বুধবার (৭ অক্টোবর) ভোরে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। জাতীয় দলের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ইতি টানার অপেক্ষায় থাকা কিংবদন্তির একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিটিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কমপ্লেক্সে মেসির পৌঁছানোর দৃশ্য দেখা যায়।
ছবিতে দারুণ ফিট ও প্রাণবন্ত দেখাচ্ছিল আর্জেন্টিনার অধিনায়ককে। দুই দিন রোসারিওতে থাকার পর তিনি বুয়েনস আইরেসে পৌঁছান। আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলনে যোগ দিয়ে আলবিসেলেস্তেদের হয়ে নিজের বিদায়ী ম্যাচের জন্য প্রস্তুত হওয়াই তার লক্ষ্য।

কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে মেসি খেলেননি। একইভাবে বুরকিনা ফাসোর বিপক্ষে বড় ব্যবধানের জয়েও তিনি দলে ছিলেন না। তবে আগামী বুধবার মনুমেন্টালে এই আন্তর্জাতিক বিরতির তৃতীয় ও শেষ ম্যাচে তিনি খেলবেন।
জাতীয় দলের জার্সিতে এটি মেসির শেষ ম্যাচ হওয়ায় তিনি একটি বিশেষ জার্সি পরবেন। ম্যাচ শেষে সেই জার্সি তার ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষিত থাকবে, যেখানে তার অসংখ্য শিরোপা ও পুরস্কারের সঙ্গে এটি স্থান পাবে।
বিশেষ জার্সিটিতে থাকছে দুটি বড় উল্লম্ব আকাশি-নীল স্ট্রাইপ এবং মাঝখানে একটি সাদা স্ট্রাইপ। মাঝখানে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও জার্সি নম্বরও সোনালি রঙে লেখা থাকবে।
গত রোববার (৪ অক্টোবর) জাতীয় দলের সঙ্গে যোগ দেন মেসি। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কোচিং স্টাফের অধীনে অনুশীলন অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) বেনিন ম্যাচের আগে শেষ অনুশীলনে অংশ নেবেন তিনি, তবে সময়সূচি এখনো নিশ্চিত করা হয়নি।
ম্যাচের আগে মেসি ও স্কালোনি দুজনেরই সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

