খেলা ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৮:৫৫

শোয়েব আখতার। ছবি: সংগৃহীত
গুঞ্জন ছড়িয়েছে, সাবেক গতি তারকা শোয়েব আখতার পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে যোগ দিচ্ছেন। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসখ্যাত এই কিংবদন্তিকে নাকি পিসিবির প্রধান নির্বাচকের পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই গুঞ্জনকে ডাহা মিথ্যা বলে অভিহিত করলেন খোদ শোয়েব। পাকিস্তান দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো আগ্রহ নেই জানিয়ে তিনি বলেছেন, তাকে নিয়ে যে খবর ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই।
গুঞ্জনে দাবি করা হয়েছিল যে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে শোয়েব আখতারের সাক্ষাৎ হয়েছে এবং সাবেক এই পেসারের জাতীয় ক্রিকেট কাঠামোয় সম্ভাব্য ভূমিকা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
তবে পিটিভির একটি অনুষ্ঠানে কথা বলার সময় শোয়েব এসব খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে হিউস্টনে আছি। এসব প্রতিবেদনের কোনো সত্যতা নেই, এমনকি আমার কোনো বৈঠকও হয়নি। আমি মোটেও আগ্রহী নই। আমি আমার বক্তব্যের ওপরই অটল আছি।’
তিনি আরও বলেন, ‘আমি এমন খবরও শুনছি যে, আমি একটি বড় দায়িত্ব নিচ্ছি এবং এর জন্য টাকা চেয়েছি। কিন্তু এসবের সবই মিথ্যা।’
৫১ বছর বয়সি শোয়েব বলেন, তিনি পাকিস্তানের ক্রিকেটকে উন্নতি করতে এবং আরও উচ্চতায় দেখতে চান। তবে পিসিবির কোনো পদ গ্রহণ বা তাদের সঙ্গে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই বলে স্পষ্ট করে দেন।

