আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

অধিকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকার একটি ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের পানি, পশুখাদ্য, চিকিৎসা ও শিক্ষার সুযোগ বন্ধ হয়ে গেছে ইসরাইলি সামরিক বাহিনীর নির্মিত একটি বেড়ার কারণে। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ইসরাইলি বাহিনী তাদের সম্প্রদায়ের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। একই সময়ে ফিলিস্তিনি জমির ভেতর দিয়ে একটি বেড়া সম্প্রসারণের কাজও চলছে।
ইসরাইলি সেনা ও সেটেলার তথা অবৈধ বসতিস্থাপনকারীদের এড়িয়ে চলতে বাধ্য হয়ে কেউ কেউ রাতের বেলায় গাধার পিঠে করে পানি, পশুখাদ্য ও দুধ বহন করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এক বাসিন্দা জানান, টানা তিন দিন ধরে এলাকায় কোনো পানি ঢুকতে পারেনি। এতে সেখানে থাকা প্রায় ১৫ হাজার গবাদিপশু ঝুঁকির মুখে পড়েছে।
ইসরাইল ‘ক্রিমসন থ্রেড’ নামে পরিচিত এই বেড়াটি উত্তর জর্ডান উপত্যকার মধ্য দিয়ে প্রায় ২০ কিলোমিটার বা ১২ মাইল এলাকাজুড়ে নির্মাণ করছে এবং এর মধ্যে সামরিক সড়ক, পরিখা ও মাটির বাঁধও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাধা নির্মাণের কারণে কূপ, পানি সরবরাহ ব্যবস্থা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যানবাহন ওই এলাকায় পৌঁছাতে না পারায় গত দুই সপ্তাহ ধরে ৫১ জন স্কুলশিক্ষার্থী ক্লাসে যেতে পারছে না বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

