খেলা ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৭:১৪

জরিমানা হলো ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। ছবি: আইসিসি
সিরিজের শেষ ওয়ানডেতে ধীরগতিতে ওভার শেষ করায় জরিমানার মুখে পড়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের এক দিন পর সোমবার (৫ অক্টোবর) দুই দলকেই শাস্তি দেয়ার কথা জানিয়েছে আইসিসি।
চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ভারত চার ওভার এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার কম করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফি'র ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা দিতে হবে।
ম্যাচ রেফারি প্রকাশ ভাটের দেয়া শাস্তি মেনে নিয়েছেন দুই দলের অধিনায়ক শুভমান গিল ও শেই হোপ। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচটিতে ভারত প্রথমে ব্যাট করে ৩৫১ রান সংগ্রহ করে। লোকেশ রাহুল ১২৯, রোহিত শর্মা ৯২ এবং ঋতুরাজ গায়কোয়াড় ৫৭ রান করেন। জবাবে অধিনায়ক হোপের অপরাজিত ১৬২ রানে ভর করে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবীয়রা। দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে মঙ্গলবার (৬ অক্টোবর)।

