নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

ভারত সরকারকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বিশ্বের জন্য বঙ্গোপসাগর কেন গুরুত্বপূর্ণ’ বিষয়ক সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে এই কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে ভারতকেই। এ বিষয়ে দুদেশের আলাপ-আলোচনা চলছে। দিনক্ষণ নির্ধারিত হলে ঢাকাই ঘোষণা করবে।
গঙ্গা ও তিস্তা চুক্তি ইস্যুতে তিনি বলেন, দেশের জন্য যা ভালো হবে, সরকার তাই করবে। আগামী নভেম্বরে তুরস্কের আনাতোলিয়ায় জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ কোনো পক্ষ বেছে নিতে চায় না। জাতীয় স্বার্থের সঙ্গে যেখানে মিল থাকবে, সেখানেই সহযোগিতা করবে ঢাকা।

