নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৯:১৫

জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ১ টার দিকে রিমান্ড শুনানির জন্য আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
জানা যায়, আখতারুজ্জামানের সংবাদ সংগ্রহ করতে আদালতে আসেন অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী। তবে আদালত ভবনের প্রবেশ দরজা থেকেই পুলিশ সদস্যরা সাংবাদিকদের ঢুকতে বাধা দেন। পরে সেখান দিয়ে প্রবেশ করতে পারলেও এজলাসে সাংবাদিকদের আর যেতে দেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।
নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে দায়িত্বরত পুলিশের এক এসআই বলেন,‘কোনো কথা বলবো না।’ এ বিষয়ে সাংবাদিকরা ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহীউদ্দিন মাহমুদ সোহেলের বক্তব্য জানতে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে আখতারুজ্জামানকে এজলাসে তোলার আগে থেকেই সেখানে ছিলেন বেসরকারি টেলিভিশন স্টার নিউজের নিজস্ব প্রতিবেদক তসলিম হোসেন রনি। সময় সংবাদকে তিনি জানান, আখতারুজ্জামানকে আদালতে হাজির করার পর ডিসি মহীউদ্দিন রনিকে বলেন, ‘আপনাকে বাইরে যেতে হবে। আদালতের ভেতরে থাকতে পারবেন না।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আদালতের নির্দেশ।’
শুনানি শেষে আখতারুজ্জামানের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন,‘আজকে ডিসি প্রসিকিউশন সাংবাদিক, আইনজীবীদের আদালত এবং আদালতের বারান্দায় ঢুকতে দেননি। এটা নিন্দনীয় ঘটনা। কোনো কিছু গোপন করার জন্য সাংবাদিকদের এমবারগো (বিধিনিষেধ) দিয়েছেন কি-না সেটাও আমি জানি না। আগামী দিনে যেনো এভাবে না হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী দাবি করেন, ‘সাংবাদিকদের আদালতে ঢুকতে ডিসি প্রসিকিউশন কোনো বাধা দেননি। আমি সেখানে উপস্থিত ছিলাম। শুনানিতে প্রসিকিউশন, বিচারক ও পুলিশের প্রতি আসামির মারমুখী অবস্থা ছিল এবং সে নিজেই বলেছে, আইনজীবী ছাড়া যেন কেউ আদালতে না থাকে। তাই বিচারক সবাইকে বের হতে বলেন।’

