খেলা ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৮:৪৬

উরুগুয়ে ফুটবল দল। ছবি: ফেসবুক
ব্রাজিলের পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ভারত। মঙ্গলবার (৬ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ম্যাচটি। তবে ব্রাজিল ম্যাচে গ্যালারির বড় অংশ ফাঁকা থাকার পর এবার টিকিটের দাম কমিয়েছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।
৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার যুবভারতীতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দেখতে এসেছিলেন ৫১ হাজারের কিছু বেশি দর্শক। এরপর উরুগুয়ে ম্যাচে দর্শক বাড়াতে টিকিটের দাম ৯০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। সি২ ব্লকের দুই পাশের টিকিট ১ হাজার ৯৯৯ রুপি থেকে নামিয়ে করা হয়েছে মাত্র ১৯৯ রুপি।
এদিকে উরুগুয়ে দল ৩০ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছেছে। শহর ঘোরার পাশাপাশি দলের খেলোয়াড়দের ক্রিকেট খেলতেও দেখা গেছে। লুকাস তোরেরা ও ডারউইন নুনেজকে ব্যাট-বল হাতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে।
এ ছাড়া গত ডিসেম্বরে কলকাতায় মেসির অনুষ্ঠান দেখতে গিয়ে বিশৃঙ্খলার শিকার দর্শকদের বিনা মূল্যে উরুগুয়ে ম্যাচের টিকিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

