বিনোদন

শাকিবের ‘মহব্বত’ সিনেমার সম্ভাব্য নায়িকা কারা?

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২০:১৮

শাকিবের ‘মহব্বত’ সিনেমার সম্ভাব্য নায়িকা কারা?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘোষণার পর থেকেই কৌতূহল বাড়ছে এ সিনেমার নায়িকাকে ঘিরে। কেউ বলছেন, এবার শাকিবের বিপরীতে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে। আবার আলোচনায় রয়েছে ভারতের একাধিক তারকার নামও। শেষ পর্যন্ত কার সঙ্গে জুটি বাঁধছেন শাকিব নাকি থাকছে অন্য কোনো চমক- সে রহস্যের জট এখন শোবিজ পাড়ায়।

 

শোনা যাচ্ছে, সিনেমাটিতে নায়িকা হিসেবে আলোচনায় থাকা পাকিস্তানি অভিনেত্রীদের তালিকায় রয়েছেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম। জানা গেছে, তাদের মধ্যে একাধিক নায়িকার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। অন্যদিকে বিবেচনায় রয়েছে ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও। এদিকে সংশ্লিষ্ট পক্ষ জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন ‘মহব্বত’র নায়িকার নাম।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় শাকিব খান-হিমেল আশরাফ-আরশাদ আদনান ত্রয়ীর তৃতীয় সিনেমা ‘মহব্বত’-এর। জানানো হয়, ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণ।

 

এর আগে, এই ত্রয়ীর প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিবের সঙ্গী হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে দেখা যায় যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফিকে। ফলে তৃতীয় সিনেমা ‘মহব্বত’-এও সে ধারাবাহিকতায় কোনো ভিনদেশি অভিনেত্রী হাজির হতে পারেন বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। তবে সত্যি কে হচ্ছেন ‘মহব্বত’-এর নায়িকা তা জানা যাবে সিনেমা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণাতেই। 

শাকিবের ‘মহব্বত’ সিনেমার সম্ভাব্য নায়িকা কারা? | সময় নিউজ