রংপুর ব্যুরো
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৯:২৮

রংপুরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার করেছে বিজিবি ও এসআরবি-১৩। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা কষ্টিপাথরের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রংপুরের মিঠাপুকুর, রংপুর শহর ও পীরগাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও এসআরবি-১৩,এর সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে দুটি কষ্টিপাথরসহ মো. মজিবর রহমান (৫৭) ও মো. এনামুল হোসেন (৫৫) নামে দুজনকে আটক করা হয়। আটক মজিবর রহমান রংপুরের তাজহাট থানার কারণগুটলা এলাকার বাসিন্দা। আর এনামুল হোসেন কোতোয়ালি থানার পূর্ব বোতলা এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, উদ্ধার করা দুটি কষ্টিপাথরের মোট ওজন ৫০ কেজি। এর আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ টাকা। আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

