বাংলাদেশ

বান্দরবানের থানচিতে চাঁদের গাড়ি উল্টে ২ পর্যটক নিহত

প্রতিবেদক, বান্দরবান

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৮:৫০

বান্দরবানের থানচিতে চাঁদের গাড়ি উল্টে ২ পর্যটক নিহত

বান্দরবানের থানচি উপজেলার অন্যতম পর্যটনস্পট তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছে। এসময় আহত হয় আরও ৫ পর্যটক।


পুলিশ ও বিজিবি জানায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে থানচির ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।


বিজিবি সদস্যরা ২ জনকে মৃত এবং অপর ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত ৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 


বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২জন পর্যটক নিহত হয়েছে এবং ৫ জন আহত হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ৫ পর্যটককে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বান্দরবানের থানচিতে চাঁদের গাড়ি উল্টে ২ পর্যটক নিহত | সময় নিউজ