বাংলাদেশ

নিউগিনি প্রপার্টিজে হামলা: আরও ৩ জন রিমান্ডে

মহানগর ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৭:৩০

নিউগিনি প্রপার্টিজে হামলা: আরও ৩ জন রিমান্ডে

রাজধানীর মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় আরও তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন: মিজানুর রহমান, শাহ আলম ও শাহরিয়ার মাহমুদ।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

 

ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তারেক রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্নার (২৯) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী জনতাবদ্ধ হয়ে বেআইনিভাবে প্রবেশ করে।

 

এসময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

নিউগিনি প্রপার্টিজে হামলা: আরও ৩ জন রিমান্ডে | সময় নিউজ