খেলা

মিডল ওভারে বোলিংয়েই ম্যাচ হেরেছি: লিটন

খেলা ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৭:১০

মিডল ওভারে বোলিংয়েই ম্যাচ হেরেছি: লিটন

এশিয়ান গেমস ক্রিকেটে ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। বৃষ্টিতে ১৩ ওভারে নেমে আসা সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে লিটন দাসের দল। বাংলাদেশের দেয়া ১১২ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান।


ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিডল ওভারের বোলিংকে দায়ী করেছেন লিটন। তার মতে, ওই সময়ে বেশি ছক্কা হজম করাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, যদি ওভার বাউন্ডারিগুলো কম খেতাম, তাহলে (জেতার) সুযোগ বেশি ছিল।’


মোস্তাফিজুর রহমান ২ ওভারে ৪১ রান দেন। এর মধ্যে এক ওভারেই ২৩ রান খরচ করেন তিনি। মোস্তাফিজের বদলে অন্য কাউকে কেন আনা হলো না, এমন প্রশ্নে লিটন বলেন, ‘অনেকজনই ছিল বিকল্প হিসেবে। আজকে মোস্তাফিজ ৩ উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না। এত দিন তো করে আসছে। আমার কাছে বেস্ট অপশন মোস্তাফিজ মনে হয়েছে, আমি করিয়েছি। আপনার কাছে যদি কখনো মনে হয় অন্য অপশন বেস্ট, আপনি করাবেন।’


ব্যাটিংয়েও বড় অবদান রাখতে পারেনি বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ২৫ বলে ৪২ রান ছাড়া উল্লেখযোগ্য ইনিংস ছিল না। প্রস্তুতির ঘাটতিকেও কারণ মনে করছেন লিটন। তিনি বলেন, ‘আপনি যদি দেখেন আমরা অনেক দিন ধরে রুমে বসে, সঙ্গে আমরা টস হেরে গেছি। আমাদের হাতে কোনো বিকল্প ছিল না।’

মিডল ওভারে বোলিংয়েই ম্যাচ হেরেছি: লিটন | সময় নিউজ