বাংলাদেশ

রাবিতে জামায়াত নেতার অ্যাম্বুলেন্স উপহার, ক্রেডিট নিতে চান আম্মার

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৬

রাবিতে জামায়াত নেতার অ্যাম্বুলেন্স উপহার, ক্রেডিট নিতে চান আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জামায়াত নেতা ড. খালিদুজ্জামানের দেওয়া অ্যাম্বুলেন্স উপহারে ক্রেডিট হিসেবে শিবিরের নাম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। অ্যাম্বুলেন্সটির জন্য শিবিরের আগে তিনি জামায়াত নেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেন।


বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে এ ক্ষোভের কথা জানান সালাহউদ্দিন আম্মার। একই পোস্টে তিনি অভিযোগ করেন, অ্যাম্বুলেন্সটি রাকসুর মাধ্যমে পাওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে সেটিকে শিবিরের পক্ষ থেকে উপহার হিসেবে প্রচার করা হয়েছে।


ফেসবুক পোস্টে আম্মার দাবি করেন, গত ৬ আগস্ট জকসুকে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার সময় চিকিৎসক এসএম খালিদুজ্জামানের সঙ্গে কথা বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি অ্যাম্বুলেন্স ও কিছু মেডিকেল সরঞ্জাম দেওয়ার অনুরোধ করি। ওই চিকিৎসক তার এলাকার হওয়ায় আগে থেকেই ব্যক্তিগতভাবে পরিচয় ছিল বলেও জানান তিনি। 


গত ১৭ আগস্ট এসএম খালিদুজ্জামান তাকে জানান, তার স্ত্রী ও লতিফা রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যানের অনুমোদনে রাবির জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে। পরে ২১ আগস্ট ঢাকায় গিয়ে খালিদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেদিনই রাবির শিক্ষার্থীরা একটি অ্যাম্বুলেন্স পেতে যাচ্ছে জানিয়ে ফেসবুকে পোস্ট করেন বলেও উল্লেখ করেন।


তিনি আরও বলেন, ২১ আগস্ট রাকসুর গ্রুপে বিষয়টি জানালেও ভাইস প্রেসিডেন্ট ছাড়া অন্য কোনো সদস্যকে দাতার নাম জানাননি। বিষয়টি আপাতত কাউকে না জানানোর জন্য রাকসু ভিপিকেও অনুরোধ করেছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি। 


গত ৭ সেপ্টেম্বর শিবির ঘোষণা দিলো যে শিবিরের সভাপতি অ্যাম্বুলেন্স ম্যানেজ করেছেন।’ পরে তিনি রাকসু ভিপির সঙ্গে যোগাযোগ করলেও কোনো উত্তর পাননি বলে দাবি করেন।

রাবিতে জামায়াত নেতার অ্যাম্বুলেন্স উপহার, ক্রেডিট নিতে চান আম্মার | সময় নিউজ