আন্তর্জাতিক

দিল্লিতে স্কুল-কলেজ ও মেট্রো স্টেশন টহলে আসছে ‘পিঙ্ক ফোর্স’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৮:০৬

দিল্লিতে স্কুল-কলেজ ও মেট্রো স্টেশন টহলে আসছে ‘পিঙ্ক ফোর্স’

নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারে ভারতের রাজধানী দিল্লিতে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ ‘পিঙ্ক ফোর্স’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল, কলেজ, মেট্রো স্টেশনসহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় এই বাহিনী টহল দেবে।

 

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন মতে, সম্প্রতি দিল্লিতে প্রায় ১০ দিনের মধ্যে অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণ ও যৌন নিপীড়নের চারটি পৃথক অভিযোগ সামনে আসার পর এ উদ্যোগ নেওয়া হয়। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারণজিৎ সিং সান্ধু পুলিশকে এ বাহিনী গঠনের পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেন।

 

মূলত গোয়া পুলিশের ‘পিঙ্ক ফোর্স’-এর আদলে দিল্লিতেও এই বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ করে সংবেদনশীল সময়ে নারী পুলিশ সদস্যদের মোতায়েন করা হবে।

 

প্রস্তাবিত পিঙ্ক ফোর্সের নারী সদস্যরা স্কুল, কলেজ ও মেট্রো স্টেশনের আশপাশে নিয়মিত টহল দেবেন। পাশাপাশি যেসব এলাকা নারী ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হবে, সেখানেও তাদের মোতায়েন করা হবে। বাহিনীর মূল লক্ষ্য হবে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করা এবং সংবেদনশীল সময়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া।

 

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর গোয়া পুলিশের পিঙ্ক ফোর্সকে দিল্লির প্রস্তাবিত বাহিনীর মডেল হিসেবে উল্লেখ করেছেন। গোয়ায় নারী ও শিশুদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় টহল ও দ্রুত সাড়াদানে এই বাহিনী কাজ করে।

 

তবে দিল্লিতে নারী পুলিশের টহল নতুন কোনো বিষয় নয়। এর আগে স্কুল, কলেজ, বাজার, মেট্রো স্টেশন ও অন্যান্য জনবহুল এলাকায় স্কুটারে নারী পুলিশ সদস্যদের টহল এবং বিট প্যাট্রোল চালু করা হয়েছিল। নতুন উদ্যোগের লক্ষ্য এসব কার্যক্রমকে একটি নির্দিষ্ট ‘পিঙ্ক ফোর্স’ কাঠামোর আওতায় আনা।

 

নারীদের হয়রানি ঠেকাতে দিল্লি পুলিশের ‘অপারেশন শিষ্টাচার’ কার্যক্রমও অব্যাহত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও পরিবহনকেন্দ্রের আশপাশে এ কার্যক্রমের আওতায় পুলিশি টহল চালানো হয়। প্রস্তাবিত পিঙ্ক ফোর্স এসব উদ্যোগের পাশাপাশি কাজ করবে।

 

দিল্লিতে অপ্রাপ্তবয়স্কদের জড়িয়ে সাম্প্রতিক একাধিক যৌন নিপীড়নের ঘটনার পর নতুন বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর সাদর বাজারে স্টেশনারি কিনতে বাড়ি থেকে বের হওয়ার পর একটি দোকানের ভেতরে এক কিশোরী যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

এরপর গত ২১ সেপ্টেম্বর মধ্য দিল্লির কিশানগঞ্জে ছয় বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানিয়েছে পুলিশ।

 

এর আগে গত মাসেই স্বরূপ নগরে ১৬ বছর বয়সি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার এবং তিন কিশোরকে আটক করা হয়েছে।

 

অভিযোগ নিষ্পত্তি হবে ডিজিটাল ব্যবস্থায়

 

পিঙ্ক ফোর্স গঠনের পাশাপাশি দিল্লি পুলিশের ‘জন শুনানি’ কর্মসূচির মাধ্যমে পাওয়া অভিযোগগুলো ডিজিটালভাবে নজরদারির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রতিটি অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্য কোনো সরকারি দফতরের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হবে।

 

গত জুন থেকে থানাগুলোতে জন শুনানি কর্মসূচি চালু রয়েছে। পুলিশ জানিয়েছে, চলতি মাস পর্যন্ত এক হাজার ৩০০টির বেশি শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ১০ হাজার অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। তবে ডিজিটাল ব্যবস্থায় অভিযোগের ক্ষেত্রে কত দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

 

অপরাধপ্রবণ ও জনসমাগমপূর্ণ এলাকায় পায়ে হাঁটা এবং মোটরসাইকেলে টহল বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। বিশেষ করে স্কুল, কলেজ, বাজার ও পরিবহনকেন্দ্রের আশপাশে টহল জোরদার করা হবে।

 

প্রতিটি পুলিশ জেলা থেকে একজন নোডাল কর্মকর্তা নিয়োগ করা হবে। পাশাপাশি স্কুলগুলোতে শিশুদের নিরাপত্তা, পকসো আইন, সাইবার অপরাধ, মাদকাসক্তি ও সড়ক নিরাপত্তা নিয়ে ত্রৈমাসিক সচেতনতামূলক কর্মসূচির ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

 

এছাড়া মাদক পাচার, সাইবার অপরাধ ও যানজট নিয়ন্ত্রণ নিয়েও পুলিশকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। সাইবার অপরাধের অভিযোগ গ্রহণ এবং ডিজিটাল প্রমাণ সংরক্ষণের ব্যবস্থা উন্নত করার পাশাপাশি যানজটপ্রবণ এলাকায় ব্যস্ত সময়ে পুলিশি উপস্থিতি ও সিসিটিভি নজরদারি বাড়ানো হবে।

 

পুলিশ সদস্যদের সময়মতো পদোন্নতি, বিশেষ করে নিম্নপদস্থ কর্মকর্তা ও নারী পুলিশ সদস্যদের পদোন্নতির বিষয়েও নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর। পুলিশ সদর দফতরে নির্দিষ্ট সময়ে অভিযোগ শোনার ব্যবস্থার কথাও বলা হয়েছে।

 

তবে পিঙ্ক ফোর্স এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। বাহিনীতে কতজন সদস্য থাকবেন, কবে এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, কোন জেলায় কতজন মোতায়েন করা হবে এবং তাদের টহলের সময়সূচি কী হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দিল্লিতে স্কুল-কলেজ ও মেট্রো স্টেশন টহলে আসছে ‘পিঙ্ক ফোর্স’ | সময় নিউজ