বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৭:৫২

প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিলো পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি ও আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়াকে (লালন) ছেড়ে দেয়া হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন।


তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই ওই শিক্ষককে ছেড়ে দেয়া হয়েছে।


গোলাম কিবরিয়া উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

 

রাতে ফেসবুক পোস্টে মাহদী আমিন লেখেন, শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর নির্দেশে পরে পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।


ফেসবুক পোস্টে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে; প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিলো পুলিশ | সময় নিউজ