বিনোদন

টেলিভিশন উপস্থাপিকা-সমাজসেবী এস্থার র‍্যান্টজেন মারা গেছেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

টেলিভিশন উপস্থাপিকা-সমাজসেবী এস্থার র‍্যান্টজেন মারা গেছেন

‘দ্যাটস লাইফ!’ শো খ্যাত যুক্তরাজ্যের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও সমাজসেবী এস্থার র‍্যান্টজেন। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও সমাজসেবী এস্থার র‍্যান্টজেন মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিবারের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার প্রয়াণের খবর নিশ্চিত করা হয়। যুক্তরাজ্যের নিউ ফরেস্টের নিজ বাড়িতে পরিবার পরিবেষ্টিত অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

 

জানা যায়, ফুসফুসের শেষ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত ছিলেন এস্থার র‍্যান্টজেন। বিবিসির জনপ্রিয় ফ্ল্যাগশিপ শো ‘দ্যাটস লাইফ!’-এর মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬৬৯ জন ইহুদি শিশুকে জীবন বাঁচানো নিকোলাস উইন্টনের মহৎ কীর্তি তার অনুষ্ঠানের মাধ্যমেই প্রথম বিশ্বজুড়ে প্রকাশ পায়। উপস্থাপনার পাশাপাশি সমাজের নানা সমস্যার সমাধান করেছেন।

 

যুক্তরাজ্যে শিশুদের জন্য গাড়ির সিটবেল্ট বাধ্যতামূলক, খেলার মাঠে আঘাত এড়াতে নিরাপদ মেঝের ব্যবস্থা, শিশু নির্যাতন রুখতে ‘চাইল্ডলাইন’ নামে ২৪ ঘণ্টার বিনামূল্যে হেল্পলাইন চালু, একাকী বয়স্কদের সহায়তার জন্য ‘দ্য সিলভার লাইন’ প্রতিষ্ঠা সহ একাধিক সমাজকল্যাণ কাজে তিনি জড়িত ছিলেন।

 

জীবনের শেষভাগে ক্যানসারে আক্রান্ত র‍্যান্টজেন যুক্তরাজ্যে স্বেচ্ছামৃত্যু বা ‘অ্যাসিস্টেড ডাইং’ আইনি বৈধতা দাবির প্রচারণায় সক্রিয় ছিলেন। ক্যানসারে আক্রান্ত তিনি সুইজারল্যান্ডের ক্লিনিকে স্বেচ্ছামৃত্যু গ্রহণের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু নানা কারণে তা সম্ভব না হলে ২০২৫ সালের শেষদিকে ক্যানসারের যাবতীয় চিকিৎসা বন্ধ করে দেন এ প্রবীণ উপস্থাপিকা।

টেলিভিশন উপস্থাপিকা-সমাজসেবী এস্থার র‍্যান্টজেন মারা গেছেন | সময় নিউজ