বাংলাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ

প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৮:৩৮

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ

কুমিল্লায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের হাতে ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।

 

বিআরটিএ জানায়, কুমিল্লা জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। ২৭টি পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

 

চেক তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন।

 

অনুষ্ঠানে কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, আবদুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলামসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ | সময় নিউজ