বাংলাদেশ

মাদ্রাসাছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

প্রতিবেদক, ফরিদপুর

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৬:১৯

মাদ্রাসাছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন করাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুইজনকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন।


সোমবার (৫ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত যুবক মোহন বিশ্বাস (২০) ও তায়েব মাতবর (২১) পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মোহন বিশ্বাস ও তায়েব মাতবর জেলার ভাঙ্গা উপজেলার হোগলাকান্দী গ্রামের বাসিন্দা।


মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার ভাঙ্গার এক কিশোরী (১৫) মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন যুবক মোহন বিশ্বাস। এক পর্যায়ে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন মোহন। ওই কিশোরী রাজি না হওয়ায় ২০২০ সালের ৮ আগস্ট বিকেলে বাড়ির সামনের সড়ক থেকে কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোহন ও তার সহযোগী তায়েব মাতবর।


এরপর নির্জন স্থানে মাইক্রোবাসটি নিয়ে যায়। পরে সেখানে মাইক্রোবাসের মধ্যেই ওই কিশোরীকে ধর্ষণ করে মোহন ও তায়েব। পরে রাতে খাড়াকান্দি এলাকায় অসুস্থ অবস্থায় কিশোরীকে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে তারা চলে যান। অসুস্থ কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরদিন ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।


গত ২০২১ সালের ৩ জানুয়ারি মামলার চার্জশিট আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে সোমবার এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।


নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন করাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। একই সঙ্গে দুইজনকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন।


তিনি আরও জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত যুবক মোহন বিশ্বাস (২০) ও তায়েব মাতুবর (২১) পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মাদ্রাসাছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ, দুজনের যাবজ্জীবন | সময় নিউজ