প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৮:০২

সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস সড়কে আন্ডারপাসের পাশে আকস্মিক ফাটল। ছবি: সময় সংবাদ
শনিবার (৩ অক্টোবর) ভোরে আন্ডারপাসের পূর্ব পাশে সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান স্থানীয়রা।
আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় এক-চতুর্থাংশ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটল দেখা যায়। কোথাও কোথাও সড়কের উপরের পিচ উঠে গিয়ে নিচের স্তরও দৃশ্যমান হয়। এতে রাস্তার ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রাস্তাটির ফাটলের অংশগুলো মেরামত কাজ শুরু করে ঢাকা বাইপাস সড়ক প্রকল্প কতৃপক্ষ। তবে ঘটনাস্থলে ঠিকাদারের কোন লোকজনকে পাওয়া যায়নি।
নির্মাণকাজ চলা অবস্থায় এবং পুরোপুরি শেষ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ এই সড়কে ফাটল সৃষ্টি হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ফাটলের কারণ নির্ণয় এবং সড়কের নির্মাণমান ও ব্যবহৃত উপকরণ পরীক্ষা করা প্রয়োজন মনে করছেন তারা।
এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক ও ঢাকা সড়ক বিভাগের কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, রাস্তাটি ঢাকা-বাইপাস (মদনপুর-জয়দেবপুর) এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ। প্রকল্পের কাজ চলা অবস্থায় সড়কটিতে ভারী যানবাহন চলাচল ও গেল কয়েকদিন টানা বৃষ্টির কারণে রাস্তার নিচ থেকে মাটি সরে যাওয়ায় এই ফাটল সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পর মেরামত কাজ শুরু হয়েছে। ফাটলের স্থানগুলোতেমাটি ফেলে ভরাট কাজ চলছে। পরে নতুন করে স্থায়ীভাবে সংস্কার করা হবে।

