খেলা

হাসান নাওয়াজের সেঞ্চুরি-ছুঁইছুঁই ইনিংসও পাকিস্তানকে স্বর্ণ জেতাতে পারল না

খেলা ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৬:৩৪

হাসান নাওয়াজের সেঞ্চুরি-ছুঁইছুঁই ইনিংসও পাকিস্তানকে স্বর্ণ জেতাতে পারল না

৫১ বলে ৯৬ রানে থামেন নাওয়াজ। ছবি: পিসিবি

পাকিস্তানের বোলারদের ওপর দিয়ে অভিষেক শর্মা ও তিলক বার্মা রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। দুজনের দুশোর বেশি স্ট্রাইকরেটের ফিফটিতে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ৬ উইকেটে ২১১ রান তুলে ভারত। এই লক্ষ্য তাড়া করতে পাকিস্তানকেও তাণ্ডবই চালাতে হতো।


৩৯ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেললেও চার নম্বরে নেমে পাকিস্তানকে সে পথেই নিয়ে যাচ্ছিলেন হাসান নাওয়াজ। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তিনি। ৬ উইকেটে সাহিবজাদা ফারহানের দল থামল ১৯২-এ, অল্পের জন্য নাওয়াজও সেঞ্চুরি মিস করেন। ১৯ রানে জিতে এশিয়ান গেমস ক্রিকেটের স্বর্ণপদক পেল ভারত, পাকিস্তান পেল রৌপ্য। শেষ ১০ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের এটা অষ্টম জয়। সব মিলিয়ে এই ফরম্যাটে ১৮ ম্যাচের মধ্যে ১৪টিতেই জিতেছে তারা। পাকিস্তানের জয় ৩টিতে।


শেষ ৩ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৫২ রান। ওয়াশিংটন সুন্দরের ৮ রান ও এক উইকেটের ওভারে চাপে পড়ে তারা। এরপর জাসপ্রিত বুমরাহ নিজের শেষ ওভারে খরচ করেন মাত্র ১১। ২০তম ওভারে পাকিস্তান আর ৩৩ রানের সমীকরণ মেলাতে পারেনি। পাকিস্তানের জয়ের সম্ভাবনা উবে গেলেও শেষ বলে চার মেরে সেঞ্চুরি করার সুযোগ ছিল নাওয়াজের। শিভম দুবে সেটাও করতে দেননি, পাকিস্তানি ব্যাটারকে স্যাঞ্জু স্যামসনের ক্যাচ বানান তিনি।


নাওয়াজ ৫১ বলে ৫ চার ও ৭ ছয়ের ইনিংসে ৯৬ রান করে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন সাইম আয়ুব, তার সঙ্গেই নাওয়াজ গড়ে তুলেন ৮৭ রানের জুটি। ভারতের হয়ে অক্ষর প্যাটেল, সুন্দর ও দুবে ২টি করে উইকেট নেন।


ভারতের ইনিংসে ফিফটি করা অভিষেক শর্মা ২৮ বলে থামেন ৬১ রানে। এরপর ছয় নম্বরে নামা বার্মা ২২ বলে খেলেন ৫১ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে আহমেদ ডানিয়েল ও আরাফাত মিনহাজ ২টি করে উইকেট নেন।

হাসান নাওয়াজের সেঞ্চুরি-ছুঁইছুঁই ইনিংসও পাকিস্তানকে স্বর্ণ জেতাতে পারল না | সময় নিউজ