বাংলাদেশ

জুলাইয়ে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্নের জবাব ওয়াসিমের আত্মত্যাগ: রাশেদ খাঁন

প্রতিবেদক, কক্সবাজার

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৬:৩৫

জুলাইয়ে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্নের জবাব ওয়াসিমের আত্মত্যাগ: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের কথা স্মরণ করতে বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং পরে শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

 

এ সময় রাশেদ খাঁন বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ শহীদ হওয়ার একই দিনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামও শহীদ হন। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের জন্য ওয়াসিম আকরামের আত্মত্যাগই একটি উত্তর। ১৬ জুলাই শহীদ হওয়া ওয়াসিমের কবর জিয়ারত করতে পেরে এবং তার বাবার পাশে দাঁড়িয়ে কথা বলতে পেরে নিজের কষ্ট কিছুটা লাঘব হয়েছে বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির রাজনৈতিক সমন্বয়ের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করে তিনি তারেক রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে অনুরোধ করেছিলেন। পরে তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সমন্বয়ের কাজ করা হয় বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অভিজ্ঞতা থেকে ২০২৪ সালের আন্দোলনকে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেয়ার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন। সে সময় ছাত্ররা রাজপথে আন্দোলন করলেও রাজনৈতিক দলগুলো পেছন থেকে আন্দোলন সফল করতে সমন্বয়ের কাজ করেছে বলে দাবি করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার হবে বলেও আশ্বাস দেন রাশেদ খান। তিনি বলেন, আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের হত্যার বিচার বাংলার মাটিতে হবে।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলন চলাকালে ওয়াসিম আকরাম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা ছিলেন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায়।

জুলাইয়ে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্নের জবাব ওয়াসিমের আত্মত্যাগ: রাশেদ খাঁন | সময় নিউজ