খেলা ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪

বিগ ব্যাশে খেলতে ব্রেসওয়েলের অস্থায়ী চুক্তিতে যাওয়ার সিদ্ধান্ত। ছবি: এপি
আসন্ন বিগ ব্যাশকে প্রাধান্য দিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে অস্থায়ী চুক্তি করতে যাচ্ছেন মাইকেল ব্রেসওয়েল। এর মাধ্যমে চাইলে জাতীয় দল থেকে নিজেকে বাইরে রাখতে পারবেন তিনি।
নিউজিল্যান্ড ক্রিকেট সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। ব্রেসওয়েলের জায়গায় কেন্দ্রীয় চুক্তির তালিকায় আসছেন নিক কেলি। ১১ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করা কেলির জন্য এটিই প্রথম জাতীয় চুক্তি।
নিউজিল্যান্ডের ক্রিকেটারদের জন্য অস্থায়ী চুক্তি নতুন কিছু নয়। এরইমধ্যে ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেইফার্টও অস্থায়ী চুক্তিতে আছেন।
এই সুযোগ দেওয়ার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ৩৫ বছর বয়সি ব্রেসওয়েল। অস্থায়ী চুক্তিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ২২ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে ইচ্ছুক বলে জানিয়েছেন তিনি।
ব্রেসওয়েল বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আমাকে এই সুযোগ নেওয়ার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট যে সমর্থন দিচ্ছে, সেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। শুধু সাদা বলের ক্রিকেট খেলা একজন হিসেবে এই সুযোগটা হাতছাড়া করার মতো মনে হয়নি। আমি এখনও ব্লাকক্যাপসের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং আসন্ন ভারত সফর ও ভবিষ্যতের সাদা বলের সিরিজে অংশ নিতে মুখিয়ে আছি।’

