আলম পিন্টু
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৮:৫৯

রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করছেন শিক্ষাশিক্ষা ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন স্কুলটি পরিদর্শন শেষে সাধারণ মানুষের সন্তানদের ভর্তি সহজ করা এবং টিউশন ফি কমানোসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন মন্ত্রী।
পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটির সুযোগ-সুবিধা বৃদ্ধি, সাধারণ পরিবারের সন্তানদের জন্য ভর্তি সহজ করা এবং পড়াশোনার ব্যয় কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিচর্যা অত্যন্ত ব্যয়বহুল। কারণ, একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী সামলাতে পারেন না। কোনো কোনো ক্লাসে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকও দিতে হয়।’
স্কুলটির এই পরিচালন ও শিক্ষা ব্যয় কীভাবে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা যায়, তা বিবেচনার জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষিত অভিভাবকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা কীভাবে স্কুলে কাজে লাগানো যায়, সে বিষয়ে ভবিষ্যতে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।
বিশেষায়িত এই বিদ্যাপীঠে সরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, আধুনিকায়ন ও উন্নত বিশেষায়িত শিক্ষার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
পরিদর্শনকালে তেজগাঁওয়ের এই স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমোডর মো. আব্বাস আলী, বিমানবাহিনী সদর দফতরের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।

