প্রতিবেদক, যশোর
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:১২

মরদেহের প্রতীকী ছবি
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে জোবায়ের (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে তার দুই সহপাঠী।
রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কে মোল্লা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। আহতরা হলো: একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন হোসেন (১৫) ও ওয়াসিমের ছেলে ফাইম হোসেন (১৪)।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানান, সকালে জুবায়ের ও তার দুই সহপাঠী মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী কাদবিলা গ্রামে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

