বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে  সৌজন্য সাক্ষাতে এপিপিজির চেয়ার এমপি আফসানা বেগম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১৩:২৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে  সৌজন্য সাক্ষাতে এপিপিজির চেয়ার এমপি আফসানা বেগম

মঙ্গলবার (০৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ বিষয়ক যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) চেয়ার এমপি আফসানা বেগম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিষয়ক যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) চেয়ার এমপি আফসানা বেগম।

 

মঙ্গলবার (০৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতে সফররত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আফসানা বেগম। প্রতিনিধি দলে আরও ছিলেন এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির অব্যাহত আগ্রহের প্রশংসা করেন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি তুলে ধরেন। যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির মধ্যে সেতুবন্ধ হিসেবে এপিপিজির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশের অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরতে যুক্তরাজ্যের পার্লামেন্টের সঙ্গে আরও কার্যকর সম্পৃক্ততা তৈরিতে এপিপিজির সহযোগিতা কামনা করেন।

 

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘায়িত এই সংকট এখন আর শুধু মানবিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে বৃহত্তর নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের বিষয়ও যুক্ত হয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্রুততর ও আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান।

 

প্রতিনিধি দলটি আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে বলে জানানো হলে, রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা মোকাবিলায় নিজেদের সমর্থনের কথা জানায় এপিপিজি প্রতিনিধি দল। মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, বিশেষ করে যুক্তরাজ্যের পার্লামেন্টে, তাদের পক্ষে জোরালোভাবে কথা বলে যাওয়ার আশ্বাস দেন তারা।

 

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক বিনিময় জোরদার, গণতান্ত্রিক সংহতি, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি কাজে লাগানো এবং মানবাধিকারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চ্যানেলের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহও প্রকাশ করেন তারা।
 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে  সৌজন্য সাক্ষাতে এপিপিজির চেয়ার এমপি আফসানা বেগম | সময় নিউজ