বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪

বাঁ থেকে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত
নির্মাতা শাদ আলী পরিচালিত ২০০৫ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘বান্টি অর বাবলি’। এর বিখ্যাত আইকনিক গান ‘কাজরা রে’। আইটেম এ গানে প্রথমবারের মতো পর্দায় নাচে-গানে মেতে ওঠেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন ও বিশ্বসুন্দরী খেতাবজয়ী নায়িকা ঐশ্বরিয়া রায়। সম্প্রতি এ গানের রিমিক্স প্রসঙ্গে নিজের মতামত জানিয়ে আলোচনার কেন্দ্রে অভিষেক।
দীর্ঘ ২১ বছর পর গানটির রিমিক্স তৈরিতে আগ্রহ প্রকাশ করেছেন নায়ক। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে এ আগ্রহ প্রকাশ করেন অভিষেক। তিনি বলেন, ‘গানটির সঙ্গে আমার জন্মদিন উদ্যাপনসহ দারুণ কিছু স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ আমি অবশ্যই গানটির রিমিক্সে আগ্রহী। তবে এর জন্য ঐশ্বরিয়া ও আমার বাবাকে রাজি করাতে হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেকের মন্তব্য এখন তাই আলোচনার কেন্দ্রে। আইকনিক গানটির রিমিক্স দেখার আগ্রহ প্রকাশ করছেন নেটিজেনরাও।
বলিউডের তিন তারকার চোখের ইশারা, দুর্দান্ত নাচ এমন এক ম্যাজিক তৈরি করেছিল যা আজও দর্শকের মনে অমলিন। শুধু ভারতেই নয়, দেশের বাইরেও গানটি ব্যাপক জনপ্রিয়।
বলিউডে তাই‘কাজরা রে ২.০’দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। তবে প্রায় দুই দশক পর অমিতাভ-অভিষেক-ঐশ্বরিয়ার সেই ম্যাজিক পর্দায় খুঁজে পাওয়া যাবে কি না মন্তব্যের ঘরে তা নিয়ে শঙ্কাও প্রকাশ করছেন ভক্তদের একাংশ।
প্রসঙ্গত, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বান্টি অর বাবলি’ সিনেমায় কাজ করার দুই বছর পর ২০০৭ সালে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে ভালোবেসে বিয়ে করেন অভিষেক বচ্চন। এ তারকা দম্পতির ঘরে আরাধ্য বচ্চন নামে একটি কন্যা সন্তান রয়েছে।

