খেলা ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৯:০২

থাইল্যান্ডকে হারিয়ে এএফএফ কাপের শিরোপা জিতল ইন্দোনেশিয়া। ছবি: ফিফা
দশ বছর ও আট ম্যাচ পর থাইল্যান্ডকে হারাল ইন্দোনেশিয়া। জাকার্তায় নাটকীয় ফিফা এএফএফ কাপের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ২-২ সমতার পর টাইব্রেকারে জয় পেয়ে শিরোপা ঘরে তুলেছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ইন্দোনেশিয়া। তবে প্রথম এক ঘণ্টায় দুই দলের কেউই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। শেষ দিকে ম্যাচে আসে নাটকীয়তা।
৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন থাইল্যান্ডের নিকোলাস মিকেলসন। ফ্রি-কিক থেকে ইকলাস সানরনের গায়ে লেগে বল জালে ঢুকলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া।
তবে তিন মিনিট পরই সমতা ফেরায় থাইল্যান্ড। সেক্সান রাতরির ক্রস থেকে ভলি করে গোল করেন ইকলাস। অতিরিক্ত সময়ে ১১ জনের বিপক্ষে ১০ জন নিয়েও ১১১ মিনিটে পিয়ারাদোল চামরাসামি গোল করে থাইল্যান্ডকে এগিয়ে দেন।
শেষ পর্যন্ত ১১৬ মিনিটে এলকান বাগগটের গোলে সমতা ফেরে। টাইব্রেকারে থাইল্যান্ডের সারাচ ইউয়েন ও নাত্তাপং সাইরিয়ার শট ব্যর্থ হয়। গোলরক্ষক এমিল অডেরোর সেভে শিরোপা নিশ্চিত করে ইন্দোনেশিয়া।

