আন্তর্জাতিক

হুতিদের থেকে মোখা বন্দর পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১

হুতিদের থেকে মোখা বন্দর পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের

হুতিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের মোখা পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। ছবি: সংগৃহীত

হুতিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান চালানোর মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।

 

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক বাহিনী সোমবার (৫ অক্টোবর) জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালির কাছের গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান পুনর্দখল করেছে। কৌশলগত এই নৌপথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানার দিকে ‘কৌশলগত অভিযান’ শুরু করা হয়েছে বলে জানিয়েছে তারা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, মোখার আশপাশের বিভিন্ন ফ্রন্টে তীব্র লড়াই চলছে। এতে বেশ কয়েকজন হুতি যোদ্ধা নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতদের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার মধ্যে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে গত জুলাই থেকে সংঘাত শুরু হয় হুতিদের।

 

সেপ্টেম্বরে আকস্মিক এক অভিযানে হুতিরা পশ্চিমাঞ্চলীয় তাইজ গভর্নরেটের মোখা দখল করে নেয়। পরে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের এলাকাও নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরান সমার্থিক গোষ্ঠীটি।

 

সোমবার ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছিল, তারা তাইজের ধুবাব জেলা এবং প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। একই সঙ্গে সানার দিকে ‘কৌশলগত অভিযান’ শুরুর কথাও জানানো হয়। ২০১৪ সাল থেকে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে।

 

তথ্যসূত্র: আল জাজিরা

হুতিদের থেকে মোখা বন্দর পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের | সময় নিউজ