বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১০:৩২

বলিউড অভিনেতা সালমান কান অভিনীত ‘মাতৃভূমি’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বড়পর্দায় আসার পথে এগিয়ে গেল বলিউড অভিনেতা সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ভারতের সেন্সর বোর্ড ছাড়পত্র না দিয়ে কিছু দৃশ্যের পরিবর্তন আনতে বলার পর সম্প্রতি সিনেমাটি পরিবর্তিত সংস্করণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দেয়। সংশোধিত সংস্করণে সন্তুষ্ট হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনাপত্তিপত্র বা‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেয় সিনেমাটিকে।
এ সার্টিফিকেট ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’সিনেমাটিকে প্রেক্ষাগৃহে মুক্তির একধাপ এগিয়ে দিয়েছে। এবার ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ ছাড়পত্র পেলেই সালমানের নতুন সিনেমা প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পাবে ভক্তরা।
জানা গেছে, ‘ব্যাটল অফ গালওয়ান’নাম বদলে ‘মাতৃভূমি’ নাম দেয়া সিনেমাটি ভারতের সঙ্গে চীন দেশের আন্তর্জাতিক সম্পর্কে যেন কোনো নেতিবাচক প্রভাব না ফেলে তাতে জোর দিয়েছে দেশটির সরকার।
ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা ও সরকারের পর্যবেক্ষণের পর সিনেমাটির স্ক্রিপ্টে তাই পরিবর্তন আনা হয়েছে। নতুন সংস্করণে চীনবিরোধী উগ্র মানসিকতার বদলে ভারত-চীন সম্পর্কের শান্তি ও ইতিবাচক দিকটিকে বেশি প্রাধান্য দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২০২০ সালের ভারত-চীন গালওয়ান উপত্যকা সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সিনেমাটিতে সালমান একজন ভারতীয় সেনা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
এ সিনেমায় নায়কের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। সব পরিকল্পনা মতো এগোলে চলতি মাসের মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে আগামী ১৩ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

