বাংলাদেশ

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন

মহানগর ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২১:১০

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন

দেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহ উদ্দিন। যিনি ‘সালাহউদ্দীন সুমন’ নামে সর্বাধিক পরিচিত। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

 

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

 

অ্যান্টার্কটিকা, আমাজন ও আর্কটিক থেকে শুরু করে বিশ্বের দুর্গম সব গন্তব্যে ভিডিও ধারণের পাশাপাশি সালাহউদ্দীন সুমন বাংলাদেশের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা, অপরিচিত ভূপ্রকৃতি এবং গ্রামবাংলার জীবন-জীবিকা তুলে ধরে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

 

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে সালাহউদ্দীন সুমন বলেন, ‘দেশের পর্যটন খাতের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এমন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সম্মাননা পাওয়া একজন কনটেন্ট ক্রিয়েটরের জন্য অবশ্যই আনন্দের ও গর্বের। রাষ্ট্রীয় পর্যায় থেকে এই স্বীকৃতি সত্যিই আমার খুব ভালো লেগেছে।’

 

তিনি বলেন, আমাদের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট বলতে চোখের সামনে ভেসে ওঠে সেন্ট মার্টিন, কক্সবাজার ও সাজেক ভ্যালিসহ হাতেগোনা কয়েকটি জায়গার নাম। কিন্তু নানান অব্যবস্থাপনার কারণে এই স্পটগুলো নিয়ে বিদেশি পর্যটকদের আগ্রহ কমছে। আশা করি ট্যুরিজম বোর্ডের এই আয়োজন কেবল পুরস্কার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে দেশের পর্যটনশিল্পে টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের যাচাই-বাছাই শেষে মোট ১৬টি ক্যাটাগরিতে বর্ষসেরা ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে এ সম্মাননা দেওয়া হয়।

 

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সালাহউদ্দীন সুমন ছাড়াও ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ হিসেবে নির্বাচিত হয়েছে ‘শাকাওয়াথ’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট’, বর্ষসেরা পাঁচ তারকা হোটেল হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং পর্যটনবিষয়ক সাংবাদিকতায় পুরস্কৃত হয়েছেন নাঈম উল ইসলাম।

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন | সময় নিউজ