হাসান মাহমুদ
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:২৭

২০২৭ সালের শ্রমিক কোটার জন্য আবেদনপত্রের প্রাক-পূরণ বা ‘প্রিকম্পাইলেশন’ কার্যক্রম শুরু হবে ২৩ অক্টোবর। ছবি: সংগৃহীত
আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইতালিতে শ্রমিক নেয়ার দ্বিতীয় দফার কার্যক্রম। এবার সুযোগ পাবেন ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন শ্রমিক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র।
বৈধভাবে ইতালিতে আসার প্রত্যাশা হাজারো বাংলাদেশির। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে প্রায় পাঁচ লাখ শ্রমিক আনার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এরই অংশ হিসেবে আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে শ্রমিক আনার দ্বিতীয় দফার কার্যক্রম।
দ্বিতীয় দফার কার্যক্রম শুরু হতেই সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। শ্রমিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়োগকর্তা, চাকরির অফার, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া। কারও কথায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপনে বিশ্বাস করে টাকা দেয়ার আগে তথ্য যাচাইয়ের পরামর্শ প্রবাসী বাংলাদেশিদের।
তারা বলছেন, যারা ইতালিতে আসতে চান, আপনারা কোনো প্রতারকের হাতে প্রতারিত হবে না। যে দালালের মাধ্যমে যাবেন, ইতালিতে পৌঁছে টাকা দেবেন। তার আগে টাকা দেবেন না।
২০২৭ সালের শ্রমিক কোটার জন্য আবেদনপত্রের প্রাক-পূরণ বা ‘প্রিকম্পাইলেশন’ কার্যক্রম শুরু হবে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে। এই কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত। আবেদন করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘সেরভিজি আলি’-এর মাধ্যমে।
তবে সাধারণত বিদেশি কর্মীরা নিজেরা সরাসরি এই কোটায় আবেদন করতে পারেন না। ইতালিতে থাকা নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য চাকরির অনুমোদন বা ‘নুলা ওস্তা’র আবেদন করেন। অনুমোদন পাওয়ার পর কর্মী নিজ দেশে ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভিসার আবেদন সম্পন্ন করেন।
২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রাক-আবেদন ফরম পূরণের কার্যক্রম। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে ‘ক্লিক ডে’ অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি।

