খেলা ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২২:১০

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসরে আর খেলছে না ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’। দলটিকে অনাপত্তিপত্র (এনওসি) দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে তারা।
গত বছর ডব্লিউসিএলের দ্বিতীয় আসরে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’। এরপর পাকিস্তান দলকে ভবিষ্যতে টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছরের ঘটনার জন্য ভারতীয় দলকে লিখিত ক্ষমা চাওয়া এবং পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের শর্ত দিয়েছিল পিসিবি। তবে ডব্লিউসিএল কর্তৃপক্ষ সেই শর্ত মানেনি। ফলে এনওসিও দেয়নি পাকিস্তান বোর্ড।
সোমবার এক বিবৃতিতে ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ জানিয়েছে, পিসিবির সিদ্ধান্তকে সম্মান করলেও টুর্নামেন্টে খেলতে না পারায় তারা হতাশ।
গত আসরে ভারত দুই দফায় পাকিস্তানের বিপক্ষে না খেলায় পাকিস্তান ফাইনালে উঠেছিল। পরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের।

