খেলা ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২২:১৮

টি-টোয়েন্টি সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান। ছবি: এএফপি
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের নেতৃত্ব দেবেন সাহিবজাদা ফারহান। তবে এরপর ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অধিনায়ক থাকছেন শাহিন শাহ আফ্রিদি। সোমবার (৫ অক্টোবর) দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। এরপর একই ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচ ও ফাইনাল হবে লাহোরে।
সম্প্রতি এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া ফারহান টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সালমান আলী আগার স্থলাভিষিক্ত হয়েছেন। টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি সালমানের। তবে তিনি ওয়ানডে দলে আছেন। বাবর আজম ও শাহিনকেও রাখা হয়নি টি-টোয়েন্টি স্কোয়াডে।
১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন অলরাউন্ডার রাজাউল্লাহ ও মোহাম্মদ ইমরান রন্ধাওয়া। এশিয়ান গেমসে নজর কাড়া হাসান নওয়াজও দলে জায়গা পেয়েছেন। ফিরেছেন নাসিম শাহ।
এদিকে ১৬ সদস্যের ওয়ানডে দলে বাবর, সালমান, হারিস রউফ ও ফাহিম আশরাফের মতো অভিজ্ঞরা আছেন। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাদ বেগ। বোলিং কোচ হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, মুহাম্মদ ইমরান রন্ধাওয়া, খাজা নাফে (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আঘা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

