জাহিন সরকার আবির, চবি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২৩:০০

ওয়েবসাইটটিতে বাংলাদেশের ৬৪ জেলার মধ্য থেকে ঘুরে আসা জেলাগুলো নির্বাচন করে ব্যক্তিগত ভ্রমণ-মানচিত্র তৈরি করা যায়। মানচিত্রটি ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সুযোগও রয়েছে।
শুধু ভ্রমণ করা জেলার হিসাব নয়, বিভিন্ন জেলার দর্শনীয় স্থান, যাতায়াত ও থাকার ব্যবস্থাসংক্রান্ত তথ্যও সাজানো হয়েছে ওয়েবসাইটটিতে। এসব তথ্য থেকে প্রাথমিক ধারণা নিয়ে ব্যবহারকারীরা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
পেশায় তথ্যপ্রযুক্তি খাতের কর্মী ও মোবাইল অ্যাপ ডিজাইনার সাব্বির কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় কোডিং করে প্ল্যাটফর্মটি তৈরি করেন। শুরুতে এটি ছিল কেবল নিজের ভ্রমণের হিসাব রাখার ব্যক্তিগত একটি টুল। পরে বন্ধুদের পরামর্শে ফেসবুকে শেয়ার করলে অন্যদেরও আগ্রহ তৈরি হয়। নিজেদের ঘুরে দেখা জেলার মানচিত্র তৈরি করে শেয়ার করতে শুরু করেন ব্যবহারকারীরা। এভাবেই ব্যক্তিগত প্রয়োজন থেকে তৈরি উদ্যোগটি ছড়িয়ে পড়ে ভ্রমণপ্রেমীদের মধ্যে।
ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে ভালোবাসতেন সাব্বির। পাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৩১০ একরের ক্যাম্পাসে এসে সেই আগ্রহ আরও গভীর হয়। বিভিন্ন জায়গায় ঘোরার পর দেখা জেলাগুলো মানচিত্রে চিহ্নিত করে রাখার ভাবনা থেকেই জন্ম নেয় ‘আনসিন বাংলাদেশ’।

