রাজনীতি

আখতারুজ্জামানকে গ্রেফতার রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন: আসিফ মাহমুদ

মহানগর ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২১:৫৪

আখতারুজ্জামানকে গ্রেফতার রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন: আসিফ মাহমুদ

বিমানবন্দরে হট্টগোলের জেরে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের ঘটনাকে ‘রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

আসিফ মাহমুদ বলেন, বিমানবন্দরে নাগরিকদের ভোগান্তি, হয়রানি ও ফ্লাইট বিলম্ব নিত্যনৈমিত্তিক ঘটনা। এসব বিষয় নিয়ে হয়তো উত্তপ্ত বাক্যবিনিময় হতে পারে। কিন্তু এর জেরে আখতারুজ্জামানকে গ্রেফতার করা মূলত রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন। তাঁর মতে, সরকার এর মাধ্যমে বোঝাতে চেয়েছে যে, চাইলেই কেউ উচ্চবাচ্য করতে পারবে না।

 

তিনি আরও বলেন, আখতারুজ্জামানকে যে আইনে গ্রেফতার করা হয়েছে, তিনি আসলেই সে ধরনের কোনো অপরাধ (সরকারি কাজে বাধাদান) করেছেন কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানাই।

 

এসময় ওসমান হাদী হত্যা মামলায় ভারতে গ্রেফতার দুজনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারেও গতি আনার দাবি জানান এনসিপির মুখপাত্র।

আখতারুজ্জামানকে গ্রেফতার রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন: আসিফ মাহমুদ | সময় নিউজ