নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ২০:৫৭

মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: সময় সংবাদ
সরকারি দলের সন্ত্রাসী কার্যক্রম থেকে দেশবাসীর দৃষ্টি সরাতে এবং বিরোধী মত দমনের প্রক্রিয়া হিসেবে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে হাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (২ অক্টোবর) রাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন।
আখতারুজ্জামানের মুক্তির জন্য প্রয়োজনে দলটি কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে বলেও জানান দলটির নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। এহসানুল মাহবুব অভিযোগ করেন, জনগণের কষ্ট ও বেদনার প্রতিবাদ করায় ফ্যাসিবাদী আমলে যেভাবে গ্রেফতার করা হত, আজ আখতারুজ্জামানকে সেভাবে গ্রেফতার করা হয়।
প্রবাসীদের দীর্ঘদিন যাবত বিমানবন্দরে ভোগান্তির শিকার হতে হয় বলে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ জারি থাকবে।

