রাজনীতি

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতার ও মামলার নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তির দাবি

মহানগর ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ২০:২২

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতার ও মামলার নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তির দাবি

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।

 

শুক্রবার (২ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।

 

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ওমরাহ পালন শেষে গতকাল ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আখতারুজ্জামান। বিমানবন্দরে নেমে সাধারণ যাত্রীদের মতোই তিনি নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।

 

বিবৃতিতে আরও বলা হয়, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে এরইমধ্যে বরখাস্ত করা হয়েছে। তা ছাড়া সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছিল। অথচ ঘটনার সুষ্ঠু তদন্তের আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গতকাল রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই মামলায় আজ তাকে গ্রেফতার করা হলো।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘদিনের নানা অব্যবস্থাপনার কথা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশনে দীর্ঘ অপেক্ষা, অনাকাঙ্ক্ষিত জিজ্ঞাসাবাদ, লাগেজ নামানোয় বিলম্ব ও মালামাল খোয়ানোসহ নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি নিত্যদিনের চিত্র। এসব অব্যবস্থাপনা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।

 

আখতারুজ্জামানসহ সাধারণ যাত্রীদের ভোগান্তির পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের আওতায় আনার দাবি জানান জামায়াত নেতা। তিনি বলেন, হয়রানির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং বিমানবন্দরে জবাবদিহি নিশ্চিত করে সেবার মান বাড়াতে হবে।

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতার ও মামলার নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তির দাবি | সময় নিউজ