বাংলাদেশ

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

স্বপন আহমেদ

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৯:৩০

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেয়া ও নিরাপত্তাকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) যাত্রীদের লাগেজ পেতে দেরি হওয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান। এ সময় সাবেক মেজর আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া ও মারধরের হুমকি দেন। এ ছাড়া তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ রয়েছে।

 

ঘটনার বিষয়ে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে আজ শুক্রবার বিমানবন্দর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান ওই কর্মকর্তা ও উপস্থিত নিরাপত্তারক্ষীদের গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তিনি সাধারণ যাত্রীদের রাখা জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে মারমুখী আচরণ করেন।

 

মামলা দায়েরের পরপরই গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেফতার করে।

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার | সময় নিউজ