নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৬:১০

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি
প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজধানী ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে বিভাগ ও জেলা পর্যায়েও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে। প্রায় ছয় মাসে শিল্প, একাডেমিয়া, এনজিও, সরকারি বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনা করা হয়েছে। এসব আলোচনার ভিত্তিতে একটি নীতিগত অবস্থানে পৌঁছানো হয়েছে এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বৈঠকের মাধ্যমে প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, ইনশাআল্লাহ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আমরা দেশব্যাপী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রথমে রাজধানী ঢাকা থেকে এটি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে প্ল্যাটফর্মটি গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মূল লক্ষ্য হবে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার চাহিদার মধ্যে সমন্বয় করা। দেশের বড় শক্তি হচ্ছে জনসংখ্যার তরুণ অংশ। এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি তাদের চাকরির বাজারের সঙ্গে যুক্ত করা হবে।
ঢাকাসহ দেশব্যাপী ক্যারিয়ার ফেয়ার করা হবে জানিয়ে তিনি বলেন, দেশেই কত সংখ্যক কর্মক্ষম যুবশক্তি রয়েছে, সেটি যাচাই-বাছাই করে বিভিন্ন ক্ষেত্রে কত সংখ্যক কর্মক্ষম যুবশক্তি দরকার সেটিং দেখা হবে।

