জাহাঙ্গীর আলম
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১০:১৮

শীতকালীন আগাম সবজি চাষে জামালপুরের চরাঞ্চলে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ছবি ভিডিও থেকে নেয়া
শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত জামালপুরের চরাঞ্চলের কৃষকরা। এরইমধ্যে অনেক সবজি উঠতে শুরু করেছে বাজারে। তবে এ বছর সার সংকটের অভিযোগ চাষিদের। যদিও মানতে নারাজ কৃষি কর্মকর্তা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবজির জমি তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন জামালপুরের কৃষকরা।
জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়িসহ জামালপুর সদর উপজেলার চরাঞ্চলের মাঠে এখন চলছে কৃষকদের ব্যস্ততা। শীতের টমেটো, বেগুন, লাউশাক, লাউ, মিষ্টি কুমড়া, করলা, ধুন্দুল, ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ নানা সবজি চাষ করছেন তারা।
তবে এ বছর সার সংকটে ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা। তাদের অভিযোগে, যেখানে ১-২ মণ সারের চাহিদা সেখানে তাদের ১০-২০ কেজি সার দেয়া হচ্ছে। এতে সবজি চাষও ব্যাহত হচ্ছে।
তবে কোথাও সার সংকট নেই বলে দাবি করেছেন জেলার কৃষি কর্মকর্তারা। জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, আমাদের সারের কোনো ঘাটতি নেই। রবি মৌসুমের জন্যও আমাদের যথেষ্ট বরাদ্দ রয়েছে।
তিনি আরও জানান, চলতি বছর জেলায় ১৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে।

