খেলা ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৫:৪৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে ভারত। গুয়াহাটির ম্যাচে দুই দলের ব্যাটাররা মিলে করেছেন ৮১১ রান, হয়েছে পাঁচটি সেঞ্চুরি। তবে এমন রানবন্যার ম্যাচও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। তার আপত্তি উইকেটের চরিত্র নিয়ে।
ম্যাচ শেষে গম্ভীর বলেন, 'সত্যি বলতে, আমার মনে হয় ব্যাট ও বলের মধ্যে আরও একটু বেশি প্রতিদ্বন্দ্বিতা থাকা দরকার। কারণ আমরা ক্রিকেটের কথা বলি, কিন্তু এটা ক্রিকেট নয়, এটা শুধু ব্যাটিং।'
তরুণ বোলারদের জন্য এমন উইকেটকে কঠিন ও অন্যায্য মনে করেন তিনি। গম্ভীরের ভাষায়, 'এ ধরনের উইকেটে বোলিং করা বোলারদের জন্য ন্যায্য নয়। তাই বোলারদেরও কিছু দিতে হবে, যাতে অন্তত এমন কিছু থাকে, যেটা নিয়ে তারা কাজ করতে পারে।'
বোলিং ফিগার দিয়ে তরুণদের বিচার না করার পরামর্শও দিয়েছেন তিনি। ভারতের কোচ বলেন, 'শুধু তাদের বোলিং বিশ্লেষণ দেখে বেশি কঠোর হলে আমরা কখনোই বোলার তৈরি করতে পারব না।'
২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির সময় নিয়েও সতর্ক গম্ভীর। তার মতে, আইপিএল ও অন্যান্য সিরিজ বাদ দিলে ভারতের হাতে প্রায় ২০টি ওয়ানডে থাকবে। তাই এখনই বিভিন্ন খেলোয়াড়কে চাপের পরিস্থিতিতে পরীক্ষা করতে চান তিনি।

