নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৬:৩৮

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার হোসেন। ছবি সংগৃহীত
নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া বিদেশে থাকা, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদক জানায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন মাহমুদুল হাসান। তবে ওই শিক্ষক পড়াশোনা করেছেন কৃষিবিভাগে। অথচ দুর্নীতির মাধ্যমে চাকরি বাগিয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে।
একইভাবে ৩০ বছর চাকরির বয়সসীমা থাকলেও ৩৫ বছর বয়সে মেডিকেল অফিসার পদে নুসরাত জাহানকে নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আনোয়ার হোসেন, সংশ্লিষ্ট শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক।
দুদক উপপরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বিদেশে থাকা, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এদিকে, নড়াইলের ডেপুটি জেলার সাইফুল ইসলামসহ আরও দুইজন কারা কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি।

