বাংলাদেশ

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয় মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

মহানগর ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৬:৩১

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয় মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: বঙ্গভবন

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

 

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

 

উপাচার্য জানান, ব্র্যাক ইউনিভার্সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), লাইফ সায়েন্স, এগ্রো টেকনোলজি ও নার্সিংসহ বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

 

এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান আরও বাড়াতে হবে। এ সময় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন তিনি।

 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা বিদেশে বিভিন্ন ক্ষেত্রে ভালো করছেন, দেশে তাদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেয়া প্রয়োজন। পুরোনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থার নীতি অতি দ্রুত প্রণয়ন করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

 

সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয় মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির | সময় নিউজ