খেলা ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২১:০৮

আন্দ্রেস ইনিয়েস্তা। ছবি: রয়টার্স
খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবার কোচিং ক্যারিয়ারেও পথচলা শুরু করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—একদিন কি কোচ হিসেবে প্রিয় বার্সেলোনায় ফিরবেন তিনি?
সম্ভাবনাটা অবশ্য একেবারে উড়িয়ে দেননি ইনিয়েস্তা। তবে এই মুহূর্তে বার্সেলোনার কোচ হওয়ার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই তার। ভবিষ্যৎকে তিনি ছেড়ে দিয়েছেন সময় ও ভাগ্যের হাতে।
মুন্দো দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এই মিডফিল্ডার জানান, বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক সবসময়ই বিশেষ। তাই ভবিষ্যতে ক্লাবটির কোচ হতে পারলে সেটি হবে দারুণ একটি বিষয়।
ইনিয়েস্তা বলেন, 'কী হবে, সেটা ভাগ্যই নির্ধারণ করে দেবে। বার্সা আমার জীবনে যে অর্থ বহন করে, সেদিক থেকে আমি কোচিং চালিয়ে গেলে এবং সেখানে কোচ হতে পারলে দারুণ ব্যাপার হবে। তবে এই মুহূর্তে আমার এমন কোনো লক্ষ্য নেই।'
বার্সেলোনায় ইনিয়েস্তার অধ্যায় শুরু হয়েছিল ফুটবলার হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে ক্লাবটির হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। সেই সময়ের লক্ষ্যও ছিল বেশ পরিষ্কার বলে জানান তিনি।
ইনিয়েস্তা বলেন, 'আমি সবসময়ই বলেছি, আমার স্বপ্ন ছিল ফুটবলার হওয়া এবং যখন আমি বার্সেলোনায় যোগ দিই সেই সময়ে আমার লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল মূল দলের হয়ে সফল হওয়া। সেইসব লক্ষ্য ও চাওয়াগুলো নিয়ে আমি নিজের কাছে খুবই পরিষ্কার ছিলাম।'
বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের কোচ হয়ে ক্যাম্প ন্যুয়ে ফেরার নজির অবশ্য আছে। সর্বশেষ ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আরেক কিংবদন্তি শাভি হার্নান্দেজ।

