খেলা ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২১:০৭

মেসির জার্সি পেতে মুখিয়ে আছেন বেনিনের গোলরক্ষক দানজিনু। ছবি: এএফএ
আর্জেন্টিনা জাতীয় দলের জন্য বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি নিছক একটি ফিফা অনুমোদিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় মনুমেন্টাল স্টেডিয়ামে লিওনেল মেসি নিজের দেশের দর্শকদের সামনে বিদায় নেবেন এবং আলবিসেলেস্তেদের হয়ে তার গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি টানবেন। শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে মেসির জাদু দেখতে মুখিয়ে সমর্থকরা। মেসিও যত বেশি সম্ভব গোল করে উপলক্ষটা স্মরণীয় করে রাখতে। তবে বিষয়টি শুধু তার জাদুকরি বাঁ-পায়ের ওপর নির্ভর করবে না; বরং বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনুর পারফরম্যান্সও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৮ বছর বয়সী এই গোলরক্ষকের জন্যও ম্যাচটি আর দশটি আন্তর্জাতিক ম্যাচের মতো নয়। বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগের ক্লাব ক্রুগার ইউনাইটেডে খেলা দানজিনু বলেন, 'এটা অন্য কোনো ম্যাচের মতো নয়। আমার মনে হয়, ক্যারিয়ারে এমন ঘটনা একবারই আসে, কারণ এটি মেসির শেষ ম্যাচ। এটি একটি বিশেষ ম্যাচ। তবে মনে রাখতে হবে, আমরা এখানে আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলতে এসেছি, কিন্তু আমরা আমাদের দেশকেও প্রতিনিধিত্ব করছি। আমরা বেনিনের হয়ে লড়াই করতে এসেছি।'
আর্জেন্টিনা তাদের সর্বশেষ দুই ম্যাচে দারুণ ফর্মে রয়েছে। কর্দোবায় বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর বুয়েনস আইরেসে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। দুই ম্যাচে ১১ গোল এবং কোনো গোল হজম না করার পরিসংখ্যান দুই দলের মানের বিশাল পার্থক্য তুলে ধরে। তবে এতে দানজিনু ভীত নন।
তিনি বলেন, 'এটাই ফুটবল, ১১ জন বনাম ১১ জন। আমরা জিততে পারি, ড্র করতে পারি, অথবা তারা জিততে পারে। কিন্তু এটা ফুটবল। আমরা আর্জেন্টিনায় পর্যটক হিসেবে আসিনি; আমরা খেলতে ও প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। এটি আমাদের জীবনের একটি দারুণ দিন হবে।'
গত রোববার (৪ অক্টোবর) বিদায়ী ম্যাচ খেলার জন্য এজেইজা কমপ্লেক্সে আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। আলবিসেলেস্তে মহাতারকার প্রশংসাতেও কোনো কার্পণ্য করেননি দানজিনু, 'আমার কাছে সে ফুটবলের অন্যতম রাজা। আমরা তাকে খেলতে দেখে বড় হয়েছি। সে আমাদের অন্যতম প্রিয় খেলোয়াড়। এখন তার বিপক্ষে একই মাঠে খেলতে পারা অবিশ্বাস্য। আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটতে পারে, কিন্তু মঙ্গলবার এটি সত্যিই ঘটবে। আমার কাছে লিও একজন কিংবদন্তি, সত্যিকারের কিংবদন্তি।'
মেসি যেন আর্জেন্টিনার হয়ে আরেকটি শিরোপা জিততে পারেন, সে জন্য ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি দিয়ে দেবেন কি না, এমন প্রশ্ন করা হলে বেনিনের গোলরক্ষক দৃঢ়ভাবে উত্তর দেন, 'না, না। আমি গোলরক্ষক, আর আমার কাজ হলো শট ঠেকানো। শেষ মিনিট হলেও যদি পেনাল্টি হয় এবং মেসি সেটি নেয়, আমি তা ঠেকানোর চেষ্টা করব। বিষয়টা সহজ, এটাই ফুটবল। হ্যাঁ, আমরা মেসির বিদায় উদযাপন করতে এখানে এসেছি, কিন্তু কেউ আমাদের বলেনি যে তাকে গোল উপহার দিতে হবে। আর মেসিকে আপনি চেনেন, তাকে কিছু উপহার দেওয়ার দরকার নেই। সে যদি গোল করতে চায়, তাহলে তাকে নিজের সর্বোচ্চ চেষ্টা করেই গোল করতে হবে।'
বুধবার মেসি একটি বিশেষ জার্সি পরে মাঠে নামবেন, যা তার ব্যক্তিগত সংগ্রহের অন্যতম মূল্যবান স্মারক হয়ে থাকবে। তবে দানজিনু আগেই সতর্ক করে দিয়েছেন, সেই জার্সি চাওয়ার জন্য দলের মধ্যে বড় প্রতিযোগিতা হবে। তিনি এএফএর কাছে একটি অনুরোধও করেছেন।
তিনি বলেন, 'আমার দলের যে কাউকে জিজ্ঞেস করলে দেখবেন, সবাই তার জার্সি চায়। তাই তারা যদি অনেকগুলো জার্সি তৈরি করে প্রত্যেক খেলোয়াড়কে একটি করে দেয়, তাহলে দারুণ হয়। কারণ যদি শুধু একজন গিয়ে জার্সি চাইতে পারে, তাহলে ব্যাপারটা সহজ হবে না। আমরা সবাই এটা চাই!'
ম্যাচ শুরু হতে এখনো প্রায় দুইদিন সময় বাকি, কিন্তু দানজিনু ইতোমধ্যেই মনুমেন্টালের দর্শকদের করতালি ও উচ্ছ্বাস অনুভব করতে শুরু করেছেন।
তিনি বলেন, 'এখানে খেলতে পারা আমার জন্য বিশাল সম্মানের হবে এবং এই স্মৃতি সারাজীবন আমার সঙ্গে থাকবে। ক্যারিয়ারে আমি বলতে পারব, ‘আমি সেখানে ছিলাম, একজন কিংবদন্তির শেষ ম্যাচে, মেসির শেষ ম্যাচে।’ এটা অবিশ্বাস্য।'

