খেলা ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯

শরফুদ্দৌলা সৈকত। ছবি: এএফপি
ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আগামী ১৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে। পিসিবি জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি এবং সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার জেফ্রি ক্রো রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের ৭টি ম্যাচেই রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। সৈকত ও ক্রোর পাশাপাশি এলিট প্যানেলের আম্পায়ার আহসান রাজাও রয়েছেন।
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ারদের মধ্যে নিউজিল্যান্ডের ওয়েন নাইটসের সঙ্গে আসিফ ইয়াকুব, নাসির হুসাইন, রশিদ রিয়াজ ওয়াকার এবং ফয়সাল খান আফ্রিদি এই সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব ভাগ করে নেবেন।
পিসিবি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্যও আম্পায়ারদের তালিকা দিয়েছে। ২ ম্যাচের টেস্ট সিরিজে সাবেক ইংলিশ ফার্স্ট-ক্লাস ক্রিকেটার এবং আইসিসির ইমার্জিং ম্যাচ রেফারি গ্রুপের সদস্য ডিন কসকার দায়িত্ব পালন করবেন। সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে ৯ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্টটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৭ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
২ টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এলিট প্যানেলের আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আল্লাহুদ্দিন পালেকার এবং অস্ট্রেলিয়ার রডনি টাকার। অন্যদিকে, ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই রাওয়ালপিন্ডিতে যথাক্রমে ৯, ১১ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই সিরিজে আন্তর্জাতিক ম্যাচ রেফারি আলী নাকভি দায়িত্ব পালন করবেন। আম্পায়ার হিসেবে থাকবেন ফয়সাল, নাসির, রশিদ ও তারিক রশিদ।

