বাংলাদেশ

তালাবদ্ধ ঘরে হাত-পা বাঁধা স্কুলশিক্ষিকার মরদেহ, ছড়াচ্ছিল গন্ধ

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৮:১১

তালাবদ্ধ ঘরে হাত-পা বাঁধা স্কুলশিক্ষিকার মরদেহ, ছড়াচ্ছিল গন্ধ

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে তিন দিন ধরে নিখোঁজ থাকা আমেনা খাতুন (৬৫) নামে এক সাবেক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নগরীর কাউনিয়া থানাধীন রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত আমেনা খাতুন বরিশাল জেলার হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালপাড় এলাকার শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে একাই বসবাস করে আসছিলেন সাবেক এই শিক্ষিকা। গত তিন দিন ধরে স্বজন ও প্রতিবেশীরা তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না।


বৃহস্পতিবার সকালে তাঁর ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ভেসে আসতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ দেখে তারা তাৎক্ষণিক কাউনিয়া থানায় খবর দেন।

​
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় নিজ কক্ষের খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় আমেনা খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

তালাবদ্ধ ঘরে হাত-পা বাঁধা স্কুলশিক্ষিকার মরদেহ, ছড়াচ্ছিল গন্ধ | সময় নিউজ