রাজনীতি

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের কঠোর বিচার চাইলেন বিরোধী দলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৬:১৯

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের কঠোর বিচার চাইলেন বিরোধী দলীয় নেতা

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখল ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখল ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে।

 

কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।

 

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।

 

এ দিকে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

 

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। 

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের কঠোর বিচার চাইলেন বিরোধী দলীয় নেতা | সময় নিউজ